[ad_1]
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে। বাঁচামরার এই ম্যাচে দারুণ বোলিং করলেন বাংলাদেশি বোলাররা। ৪৪.৫ ওভারে আফগানিস্তানকে তারা অলআউট করে দিয়েছেন ১৯০ রানেই। সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশকে করতে হবে ১৯১।
আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। বেশ দেখেশুনেই শুরু করেছিলেন দুই ওপেনার গুরবাজ আর সেদিকুল্লাহ অতল। পঞ্চম ওভারে এসে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তাকে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জাকের আলীর ক্যাচ হন গুরবাজ (১১)। ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানরা।
নবম ওভারে আরেক উইকেট তুলে নেন তানভীর ইসলাম। তার স্পেলে তানজিম সাকিবকে ক্যাচ দেন সেদিকুল্লাহ অতল (৮)। ৩৮ রানে আফগানিস্তান হারায় দ্বিতীয় উইকেট।
এরপর অনেকটা সময় একা দলকে এগিয়ে নিয়েছেন ইব্রাহিম জাদরান। তবে ইনিংসের ১৮তম ওভারে শহিদিকে (৪) বোল্ড করেন মিরাজ। পরের ওভারে রিশাদ হোসেন স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান ওমরজাইকে (০)। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে আফগানরা।
তানজিম সাকিবের ওভারে ফিরে যান মোহাম্মদ নবি। ২২ রান আসে নবির ব্যাট থেকে। ১১৮ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে আফগানিস্তানের।
ইব্রাহিম জাদরান তবুও টিকে ছিলেন। নানগায়েলিয়া খারোতেকে নিয়ে স্কোর বোর্ডে যোগ করেন ৩৬ রান। খারোতের (১৩) বিদায় হয় বাউন্ডারি থেকে তানজিদ তামিমের দুর্দান্ত এক থ্রোতে সরাসরি স্টাম্প ভাঙায়। মিরাজের বলে রশিদ খান আউট হন ১ রান করেই।
এদিকে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকা জাদরান ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেট বাউন্ডারিতে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ১৪০ বলে ৯৫ রানের ইনিংসে মাত্র তিনটি চার আর একটি ছক্কা মারেন এ আফগান ওপেনার। পরের ওভারেই গাজানফর ২২ করে রিশাদের বলে ক্যাচ দেন।
আফগানিস্তানের ৯ উইকেট পতনের পর এর আগে রিটায়ার্ড হার্ট হওয়া রহমত শাহ (৯) মাঠে নামেন। কিন্তু রিশাদ হোসেনের বলে ব্যাট করতে গিয়ে আবারও ক্রিজে পড়ে যান। তিনি আর ব্যাটিং করতে পারেননি। ৪৪.৫ ওভারে ১৯০ রানেই থামে আফগানরা।
বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন মিরাজ। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন।
[ad_2]
Source link

