টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করা অভিষেক শর্মা আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন। আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি মাত্র ১২ বলে করেছেন ফিফটি, ১০০ ছুঁয়েছেন ৩২ বলে।
অভিষেক পাঞ্জাবের হয়ে বেঙ্গলের বিপক্ষে ম্যাচটিতে ৮টি চারের সঙ্গে মেরেছেন ১৬টি ছক্কা। যার সুবাদে বাঁহাতি এ ব্যাটসম্যান ভারতীয়দের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন। অভিষেক এই মুহূর্তে আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।
গত বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মেঘালয়ার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক, যা ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আজ একটা পর্যায়ে সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন তিনি।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ অভিষেকের পাঞ্জাব বেঙ্গলের মুখোমুখি হয় হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে।
ইনিংস উদ্বোধন করতে নেমে প্রথম ১২ বলেই পঞ্চাশে পৌঁছান অভিষেক। এই ১২ বলের মধ্যে মাত্র একটি ছিল ডট, ৫টি করে চার ও ছয়, একটি সিঙ্গেল। প্রথম ৫১ রানের ৫০-ই এসেছে বাউন্ডারিতে।
অভিষেকের ১২ বলে ফিফটি স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম। নেপালের দীপেন্দ্র সিং ৯ বলে এবং ভারতের আশুতোষ শর্মা ১১ বলে ফিফটি করেছিলেন। ১২ বলে ফিফটি আছে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের।
সূত্র: https://www.prothomalo.com/sports/cricket/i0yukphjof

