[ad_1]
নিজের বন্ধুকেই পিটিয়েছেন তাসকিন আহমেদ! দিয়েছেন গুম করার হুমকিও! দিনভর এই টাইগার পেসারের নামে এমন গুরুতর অভিযোগে নড়েচড়ে বসে ক্রিকেটপাড়া। তবে, কয়েক ঘণ্টা পরেই সুর বদলে ফেলেছেন অভিযোগকারী সেই বন্ধু। থানায় জিডি প্রত্যাহারের সঙ্গে তাসকিনের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে তাসকিনের বিরুদ্ধে রোববার গভীর রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি, যাকে ছোট বেলার বন্ধু হিসাবে নিজেই উল্লেখ করেছেন তাসকিন আহমেদ। সোমবার ফেসবুক স্ট্যাটাসে তিনি সেই কথা জানান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, তাসকিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, আমি কাউকে মারিনি। কাল (রোববার) সন্ধ্যায় আমার এক বন্ধু রসির সঙ্গে আমাদেরই আরেক বন্ধু সৌরভের হাতাহাতি হয়। ঘটনা শুনে আমি মোহাম্মদপুর থানার ওসিকে অনুরোধ করি বিষয়টি দেখতে। পরে ওসি সাহেব ঘটনার তদন্তে নামলে সৌরভরা ক্ষিপ্ত হয়ে আমার নামে কাল অনেক রাতে মিরপুর মডেল থানায় ডায়েরি করে।
তাসকিনের দাবি, তার বিরুদ্ধে অভিযোগ করে এখন উল্টো বিব্রত অভিযোগকারীরা, ওদের সবার সঙ্গে আমার ছোটবেলার সম্পর্ক। আমি সৌরভকে জিজ্ঞেস করেছি, তুই এটা কেন করলি? আমার নামে অভিযোগ কেন দিলি? আমি তো সেখানে ছিলামই না! সে বলেছে, সে নাকি এটা ইমোশনালি করে ফেলেছে। সৌরভ আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, অভিযোগও প্রত্যাহার করেছে।
বিকেলে নিজের দেওয়া এক ফেসবুকে পোস্টেও তাসকিন লিখেছেন, সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি, এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।
তিনি আরও লিখেছেন, এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সে জন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন।
ছড়িয়ে পড়া ঘটনাটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তাসকিন পোস্টে আরও লিখেছেন, আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।
[ad_2]
Source link

